
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু বলেছেন, ইমামরা সমাজের দর্পণ এবং ইসলামের পথপ্রদর্শক। একজন ইমাম হিসেবে রাজনীতি বা নির্দিষ্ট কোনো দল করার অধিকার প্রত্যেকেরই আছে, তাতে কোনো সমস্যা নেই। তবে পবিত্র ধর্মকে ব্যবহার করে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো যাবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে, ধর্ম এবং রাজনীতি বা দল সম্পূর্ণ ভিন্ন বিষয়।
শনিবার (৯ মে) বিকেলে রাণীনগর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এই ‘উপজেলা পর্যায়ের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন’-এর আয়োজন করে।
বক্তব্যের শুরুতেই এমপি রেজাউল ইসলাম সমাজের নৈতিক অবক্ষয় রোধে ইমামদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “সমাজে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে ইমামদের ভূমিকা অপরিহার্য। সাধারণ মানুষ ইমামদের কথা গুরুত্বের সঙ্গে শোনে। তাই খুতবা ও ধর্মীয় আলোচনায় সঠিক ইসলামের শিক্ষা প্রচার করতে হবে। বিএনপি ইসলাম ধর্মকে মনে-প্রাণে বিশ্বাস ও লালন করে। দল করার স্বাধীনতা থাকলেও ইসলামের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা যাবে না।”
বিগত আওয়ামী লীগ সরকারের কড়া সমালোচনা করে সংসদ সদস্য বলেন, “গত সরকার মেগা প্রকল্পের নামে দেশে ব্যাপক লুটপাট চালিয়েছে। তারা ব্যাংক ডাকাতি ও রাষ্ট্রীয় সম্পদ কুক্ষিগত করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। বর্তমানে এক বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে দেশ পরিচালনা শুরু করতে হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই; বর্তমান সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অতীতের তুলনায় আগামীতে একটি টেকসই ও উন্নয়নশীল রাষ্ট্র গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:
উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী।
সাধারণ সম্পাদক মোসারব হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু।
সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে উপস্থিত বক্তারা সমাজে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামদের সক্রিয় ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, কিশোর ও যুবসমাজকে সঠিক পথে রাখতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মসজিদের কয়েক শত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।