
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় লটারির মাধ্যমে উপজেলার ৬টি ইউনিয়নে এলসিএস নারী শ্রমিক নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই লটারি কার্যক্রমের আয়োজন করে।
২০২৬-২০২৭ অর্থবছরে অনুন্নয়ন বাজেটের “মেরামত ও সংরক্ষণ” খাতের অধীনে উপজেলার ৬টি ইউনিয়নের গরীব, অসহায়, দুস্থ ও স্বামী পরিত্যক্তা নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে “গ্রামীণ সড়ক” রক্ষনাবেক্ষণ কাজের জন্য লটারির মাধ্যমে এই নারী শ্রমিক নির্বাচন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের নেতৃত্বে প্রকাশ্যে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এই এলসিএস নারী শ্রমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, উপজেলা এলজিইডি অফিসের অন্যান্য কর্মকর্তা এবং আবেদনকারী প্রার্থীরা।
উপজেলা প্রকৌশলী মো. ইসমাইল হোসেন জানান, এলসিএস নারী শ্রমিক নিয়োগের জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছিল এবং যোগ্য নারী প্রার্থীদের সঠিক প্রক্রিয়ায় আবেদন করতে উদ্বুদ্ধ করা হয়। প্রাপ্ত আবেদনপত্রগুলো যাচাই-বাছাইয়ের পর বৈধ আবেদনকারীর সংখ্যা বেশি থাকায় এবং শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
লটারির মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত নারী শ্রমিকদের পরিসংখ্যান নিচে দেওয়া হলো:
সদর ইউনিয়ন: ১৪টি আবেদনের মধ্যে লটারির মাধ্যমে ৮ জন।
কাশিমপুর ইউনিয়ন: ১৮টি আবেদনের মধ্যে ৬ জন।
গোনা ইউনিয়ন: ৭টি আবেদনের মধ্যে ৩ জন।
মিরাট ইউনিয়ন: ৭টি আবেদনের মধ্যে ৭ জন।
পারইল ইউনিয়ন: ১৪টি আবেদনের মধ্যে ৭ জন।
কালীগ্রাম ইউনিয়ন: ৭টি আবেদনের মধ্যে ৪ জন।
তিনি আরও জানান, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রতিটি নারী শ্রমিক দৈনিক কাজের বিনিময়ে ৩৫০ টাকা করে মজুরি পাবেন। নিয়োগপ্রাপ্ত নারীরা নিজ নিজ ইউনিয়নের গ্রামীণ সড়কগুলোর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করবেন। কাজ নিজেদেরই করতে হবে এবং কেউ নিজের পরিবর্তে অন্য কাউকে দিয়ে কাজ করালে সেই শ্রমিককে বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে।