
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :
শেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। এ সময় ঝিনাইগাতী উপজেলার নওকুচি সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত মদের মোট আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা।
শুক্রবার (২৪ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, গত ২৩ জুলাই ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল ঝিনাইগাতী উপজেলার নওকুচি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২ বোতল ভারতীয় মদসহ মো. জুয়েল রানা (২৫) ও মো. সামিউল (১৮) নামের দুই চোরাকারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত এই মদের আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা। এ ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই দিনে পরিচালিত চোরাচালানবিরোধী আরেকটি অভিযানে নালিতাবাড়ী উপজেলার কুচপাড়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা।
সবমিলিয়ে পৃথক দুই অভিযানে মোট ৬০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এছাড়া ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।