
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি বেসরকারি হাসপাতালকে মোট ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও অন্যটির রোগী ভর্তির কক্ষ সিলগালা করে দেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, চাটখিল ইসলামীয়া হাসপাতালে বিভিন্ন প্রকার অনিয়ম পাওয়ায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং হাসপাতালের অপারেশন থিয়েটার (OT) রুমটি সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে, চাটখিল ফিজিওথেরাপি সেন্টারে অবৈধভাবে রোগী ভর্তি রাখার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং রোগী ভর্তি রাখার কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনায় কারিগরি ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহিদুল আহমেদ নয়ন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম এবং চাটখিল থানা পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।