
পি. কে রায়, বিশেষ প্রতিনিধি, চিরিরবন্দর (দিনাজপুর): দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে গ্রামীণ সড়কের পাশে ব্যাপক পরিসরে সজিনা চারা (কাটিং) রোপণ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের মালিপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
উপজেলা কৃষি বিভাগ জানায়, পারিবারিক পুষ্টির ঘাটতি পূরণ ও সড়কের পাশে পড়ে থাকা জায়গার সঠিক ব্যবহারের লক্ষে উপজেলার ১২টি ইউনিয়নে একযোগে মোট ছয় হাজার সজিনা চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী দিনে প্রায় ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা শারমিন জানান, “গ্রামীণ সড়কের পাশে যে কৃষকের জমির সীমানায় এসব গাছ লাগানো হয়েছে, তারাই গাছগুলোর রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করবেন এবং পরবর্তীতে এর ফল ভোগ করবেন। পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষে ১২টি ইউনিয়নের বিভিন্ন সড়কে এই রোপণ কার্যক্রম একযোগে অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টির মান উন্নয়নে এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।