
মনিরুজ্জামান লিমন, বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে চাঁদা না পেয়ে মিথ্যাচার, ভিত্তিহীন তথ্য ছড়ানো ও অপপ্রচার করার অভিযোগে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলীর বিরুদ্ধে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ মে) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক আদিল আব্দুল্লাহ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ বলেন, “গত ১৪ মে বকশীগঞ্জ পৌর বাস স্ট্যান্ড ইজারা দেওয়ার জন্য একটি উন্মুক্ত ডাক (নিলাম) আহ্বান করা হয়। উক্ত সরকারি ডাকে বকশীগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি মাসুদ বকশী পৌর প্রশাসক আসমা উল হুসনা এবং উপস্থিত অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গের সামনে সর্বোচ্চ ২ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে সম্পূর্ণ বৈধ উপায়ে ইজারা বা ডাকটি সম্পন্ন করেন।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “ডাক প্রক্রিয়া শেষ হওয়ার পর সংশ্লিষ্ট সবাই স্থানীয় এনএম হাইস্কুলে যান। এর কিছুক্ষণ পরই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী এনএম হাইস্কুল মাঠে গিয়ে সকলের সামনে হঠাৎ ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি হুমকি দিয়ে বলেন, চাঁদা না দিলে কিভাবে পৌর বাস স্ট্যান্ডের টুল বা টোল আদায় করা হয় তা তিনি দেখে নেবেন।”
আদিল আব্দুল্লাহ জানান, চাঁদা দাবিকে কেন্দ্র করে সেখানে দুই পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বকশীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরের তাৎক্ষণিক ও কুশলী হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
কিন্তু এই ঘটনার পর শেখ রহমত আলী চাঁদা না পেয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে বিভিন্ন মাধ্যমে সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যাচার ও অপপ্রচার চালাতে থাকেন। সংবাদ সম্মেলনে জোর দিয়ে বলা হয়, রহমত আলীকে কোনো ধরনের মারধর বা শারীরিক লাঞ্ছিত করা হয় নি। অথচ তিনি নিজেকে ভুক্তভোগী সাজিয়ে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরকে জড়িয়েও নোংরা মিথ্যাচার ও নানা কুৎসা রটাচ্ছেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতা আদিল আব্দুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “রহমত আলী মূলত একজন চিহ্নিত চাঁদাবাজ। তিনি বর্তমানে অন্য কোনো মহলের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে সাবেক সফল মেয়র নজরুল ইসলাম সওদাগরের নামে সামাজিক ও রাজনৈতিকভাবে মিথ্যাচার করে তাঁর দীর্ঘদিনের অর্জিত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।”
তিনি রহমত আলীর এমন অরাজনৈতিক ও নিন্দনীয় অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বিএনপির ভাবমূর্তি রক্ষার্থে উক্ত চাঁদাবাজ ও শৃঙ্খলাভঙ্গকারী নেতাকে অতি দ্রুত দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম রশিদুজ্জামান মিল্লাতের সরাসরি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
উক্ত প্রতিবাদী সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহীন সওদাগর, পৌর বিএনপির অন্যতম সদস্য সীমান্ত সওদাগরের পাশাপাশি স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।