
পি. কে রায় বিশেষ প্রতিনিধি।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুম ‘ইছামতি’তে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
সভায় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী জুন মাসের অপরাধচিত্র উপস্থাপন করেন। প্রতিবেদনে খুন, নারী নির্যাতন, অপহরণ, সড়ক দুর্ঘটনা, চুরি, অস্ত্র ও মাদক সংক্রান্ত বিভিন্ন মামলার তথ্য তুলে ধরা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে উল্লেখ করে তিনি জানান, উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। এ সময় সভার পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতির দিকে না যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানার ওসিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন সরকার, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন-নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন, ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, চিরিরবন্দর প্রেসক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু ও সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, সহকারী অধ্যাপক মেজবাহুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সচিব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভা শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাই-সাইকেল ও সেলাই মেশিন বিতরণ করেন। একই সঙ্গে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেন।