
আবুল হাশেম, রাজশাহী ব্যুরো
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট এলাকায় পদ্মা নদীর শাখা নদীতে ডুবে ফারুক হোসেন (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত ফারুক সরেরহাট গ্রামের মো. ইনতাজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের অভ্যাসমতো বিকেলে মহিষ গোসল করানোর জন্য ফারুক নদীর শাখা নদীতে নামেন। এ সময় হঠাৎ তিনি পানির গভীরে তলিয়ে যান। স্থানীয়রা তাকে ডুবতে দেখে দ্রুত উদ্ধারে তৎপর হন এবং একপর্যায়ে তাকে নদী থেকে উদ্ধার করেন। তবে উদ্ধার করার আগেই তার মৃত্যু নিশ্চিত হয়।
নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়দের ধারণা, ফারুক দীর্ঘ দিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। নদীতে নামার পর আকস্মিক খিঁচুনি উঠলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে গিয়ে থাকতে পারেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পরপরই পুরো সরেরহাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। অকাল এই মৃত্যুতে এলাকার স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।