
মোঃ বেল্লাল হোসাইন নাঈম
স্টাফ রিপোর্টার
নোয়াখালীর চাটখিল থানার পুলিশের বিশেষ অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ কথিত মাদক সম্রাজ্ঞী ববিতা আক্তার (৩০) ও তার সহযোগী তামান্না আক্তার শারমিন (২০) আটক হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় চাটখিল থানার পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে রামনারায়নপুর ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের ঠাকুরবাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃত ববিতা আক্তার চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ভীমপুর বেদে পল্লীর আরিফুল রহমানের স্ত্রী। তার সহযোগী শারমিন একই পল্লীর খোরশেদ আলমের মেয়ে।
চাটখিল থানার সূত্রে জানা যায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৬০ (দুই শত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় এসআই আবদুল মান্নান ঘটনাস্থলেই ইয়াবাগুলো জব্দ করেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ববিতা ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ববিতা আক্তারের বিরুদ্ধে পূর্বে আরও চারটি মাদক ও চুরির মামলা রয়েছে।
ওসি আরো বলেন, “মাদক উদ্ধারে আমাদের এ অভিযান চলমান রয়েছে। মাদক নির্মূলে পুলিশ সর্বদা তৎপর থাকবে।”